আবনা : ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির বাসভবনে বিমান হামলা চালানো হয়েছে, তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। কিছুদিন আগে রাজধানী সানা ছেড়ে ইয়েমেনের বন্দরনগরী এডেনের প্রাসাদে উঠেছিলেন তিনি।
আজ বৃহস্পতিবার প্রকাশিত খবর অনুসারে, দুটি জঙ্গিবিমান থেকে এডেনের প্রাসাদে হামলা চালানো হয়। হামলার মুখে প্রেসিডেন্ট হাদি সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন। তার ঘনিষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় প্রেসিডেন্ট হাদি বাসভবনে ছিলেন না। তবে তিনি বর্তমানে কোথায় রয়েছেন সে সম্পর্কেও কিছু বলেন নি এসব কর্মকর্তা। তারা অবশ্য এও দাবি করেছেন- বিমান দুটি বিপ্লবী আনসারুল্লাহ আন্দোলনের নিয়ন্ত্রণে ছিল। সাবেক স্বৈরশাসক আলী আব্দুল্লাহ সালেহকে লক্ষ্য করেই মূলত হামলা চালানো হয়েছে বলে দাবি করেন হাদির ঘনিষ্ঠ কর্মকর্তারা।
আনসারুল্লাহ বিপ্লবীরা বর্তমানে রাজধানী সানাসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো নিয়ন্ত্রণ করছে।
প্রেসিডেন্ট হাদির প্রাসাদ এডেন শহরের আল-মাসিক এলাকায় অবস্থিত। ভবনটি লক্ষ্য করে দু দফা বিমান হামলা চালানো হয় তবে জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে নাকি বোমা বর্ষণ করা হয়েছে তা পরিষ্কার নয়। হামলার সময় বিমান বিধ্বংসী কামান থেকে গোলা বর্ষণ করা হয়।
আজকের এ ঘটনার মধ্যদিয়ে পরিষ্কার হলো যে, ইয়েমেনে রাজনৈতিক জটিলতা তীব্র হচ্ছে। দেশটিতে বর্তমানে আনসারুল্লাহ বিপ্লবীরা প্রেসিডেন্ট হাদির অনুসারি ও তার দল আল-সালাহ’র সদস্যদের খুঁজছে।
গত জানুয়ারি মাসের শেষ দিকে প্রেসিডেন্ট হাদি ও প্রধানমন্ত্রী খালেদ বাহা পদত্যাগ করেছেন কিন্তু দেশটির সংসদ তাদের পদত্যাগপত্র গ্রহণ করেনি। এ অবস্থায় কিছুদিন গৃহবন্দীদশায় থাকার পর তারা রাজধানী সানা ছেড়ে পালিয়ে এডেন শহরে চলে যান।#
২০ মার্চ ২০১৫ - ১৪:৩৯
News ID: 678032
ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির বাসভবনে বিমান হামলা চালানো হয়েছে, তবে তিনি প্রাণে বেঁচে গেছেন।